বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, রাতের অন্ধকারে অসৎ উদ্দেশ্যে যারা সীমান্তের ওপারে যায় সাধারণত তারাই হত্যাকাণ্ডের শিকার হয়। সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন-নতুন উদ্যোগ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুরে খাজুর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির শীতকালীন যৌথ মহড়া পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ভারত সীমান্ত এলাকার মানুষদের জন্য পাসপোর্ট-ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে বিএসএফ ও ভারত সরকারকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী যেসব মানুষ ভারতের অভ্যন্তরে তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায় তাদের জন্য ৫-৭ দিনের ভ্রমণের জন্য একটি অনুমতি কার্ড চালুর পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।
যৌথ মহড়া বিষয়ে তিনি বলেন, এসব মহড়ার ফলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশ রক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাড়বে বিজিবি সদস্যদের মনোবল ও দক্ষতা।
‘সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধকালীন সেনাবাহিনীর নেতৃত্বে দেশ রক্ষার লড়াই করবে’ আইনে বলা এ নির্দেশনা কীভাবে বাস্তবায়িত হবে- এ প্রশিক্ষণের মাধ্যমে তা হাতে-কলমে শেখোনো হচ্ছে।
যৌথ প্রশিক্ষণ পরিদর্শন করে রণ প্রস্তুতির নানা কৌশল বাতলে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের খোঁজ-খবরও নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সমন্বয়ের প্রয়োজন। সেটাই এ প্রশিক্ষের মূল উদ্দেশ্য। সব প্রশিক্ষণের ব্যাপারেই আমরা জোর দিচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল কবির, রংপুর অঞ্চলের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহীর সেক্টর কমান্ডার আনোয়ার লতিফ প্রমুখ।